• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই আমাদের মূল কাজ: পানি সম্পদমন্ত্রী


লক্ষ্মীপুর প্রতিনিধি  অক্টোবর ১৬, ২০২৬, ০৮:৫১ পিএম
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই আমাদের মূল কাজ: পানি সম্পদমন্ত্রী

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলমত নির্বিশেষে সবাই মিলে দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই এখন আমাদের মূল কাজ। অন্তত রুটিন ওয়ার্কও যদি করে যেতে পারি, তাহলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব হবে।

তিনি বলেন, রুটিন ওয়ার্ক ঠিকমতো করতে না পারলে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে। তাই সবাই মিলে সহযোগিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এ মুহূর্তে খুব জরুরি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। গত ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। এতদিন নির্বাচনী প্রক্রিয়া ছিল না। এখন নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। এই যাত্রা অনেক দূর নিয়ে যেতে হবে।

তিনি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করে টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

পিএস

Link copied!