ছবি: সংগৃহীত
ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে ওসি আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আদেশ জারির দিনই তাঁকে গুরুদাসপুর থানা থেকে অবমুক্ত করে উপমহাপরিদর্শকের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, জনস্বার্থে ওসিকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাঁকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
শাকিলের মৃত্যুর পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। ওই রাতেই গোয়েন্দা পুলিশ (ডিবি) এমপির ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত শাকিলের বাবা রবিউল করিম গত ১৯ অক্টোবর বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। তবে মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। এর মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হলো।
এসএইচ







































