• ঢাকা
  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাটোরে আলোচিত শাকিল হত্যা মামলায় আরও দুইজন আটক


নাটোর প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৬, ০৪:৩২ পিএম
নাটোরে আলোচিত শাকিল হত্যা মামলায় আরও দুইজন আটক

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আলোচিত শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তারের পর আরও দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল হোসাইনের অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃরা হলেন- গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও কচুগাড়ী এলাকা থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদেরকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এর আগে একই মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তাঁর বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম( ৩২)। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে সেখানে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে  তিনি মারা যান।

পিএস

Link copied!