ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নিহত শাকিলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে শাকিলের কবর জিয়ারত করেন। পরে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি নেপথ্যে ইন্ধনদাতা ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান ছাত্রদল সভাপতি।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “এই হত্যার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।” হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে ২৬ অক্টোবর রাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিএস
-6ae362c5b5468-20261029151802.jpg)






































