ছবি: প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের ফেসবুক পোস্ট ও তার নির্দেশনায় সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই অগ্নিসংযোগের নির্দিষ্ট স্থানটি এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছগির লেখেন, ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং??’। মুহূর্তেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়। এর প্রতিবাদ জানিয়ে নাজমুস সাকিব নামের এক যুবক ফেসবুকে লেখেন, পিরোজপুরকে স্বাধীন করার ঘোষণা দিয়েছেন জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক; তাঁর মতো নেতা পিরোজপুরের একটি চুলও ছিঁড়তে পারবেন না। ওই মন্তব্যের পর থেকে ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে একটি মন্তব্যের উত্তরে অভিযোগ করেন সাকিব।
একই দিন রাতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে জিয়ানগর-ঢাকা সড়কে গাছের অংশ ও পাঁচ-ছয়টি টায়ার জ্বালিয়ে মুখোশ পরা আট-নয়জন নেতাকর্মীর স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ছগির। পরে তাঁকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করেন ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান।
এ বিষয়ে জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, আতিকুর রহমান ছগিরের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যে সড়কে টায়ার জ্বালানো হয়েছে, সেই স্থানটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হলে নতুন করে মামলা করা হবে।
এদিকে একই রাতে জেলার ভান্ডারিয়া উপজেলা শহরে একটি ময়লার স্তূপে দুর্বৃত্তরা আগুন দিলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসএইচ







































