ছবি : সংগৃহীত
ঢাকা: কাজে যোগ না দেওয়ায় শনিবার ৫৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে মালিকরা ওইসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করবে বলে জানিয়েছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বেলা ১২টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএ-এর প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। জানা গেছে, এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সংশ্লিষ্ট এলাকার কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা কারখানা সচল রাখতে পারছেন না। ওই সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।
তিনি জানান, ইতিমধ্যে শনিবার আলোচ্য ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রোববার থেকে কতসংখ্যক কারখানা ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ থাকবে, সে সংখ্যা না জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, প্রতিদিন একই কারখানায় অসন্তোষ হয় না। ফলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। তবে শনিবারের ১৪৭টি কারখানার হিসাব বিবেচনায় নিলে এসব কারখানায় শ্রমিক সংখ্যা প্রায় ৩ লাখ।
প্রসঙ্গত, শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী, কোনো কারখানা শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখতে পারেন। যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিনের জন্য শ্রমিকেরা মজুরি পাবেন না। সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধের ক্ষেত্রে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকে। অর্থাৎ, এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা কোনো মজুরি পান না।
পিএস







































