• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রমজানকে সামনে রেখে খেজুরের শুল্ক কমানোর প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫০ পিএম
রমজানকে সামনে রেখে খেজুরের শুল্ক কমানোর প্রস্তাব

ছবি : সংগৃহীত

ঢাকা: মাঠপর্যায়ে ভ্যাট ও রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে আগামীকাল রোববার। একই সাথে আসন্ন পবিত্র রমজান মাসে অপরিহার্য পণ্য খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাবও মন্ত্রিসভার উদ্যোগ নিয়েছে অভ্যন্তরীন সম্পদ বিভাগ। রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদ সভায় এ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া  মন্ত্রিসভায় পাশ করা হয়। এর ধারাবাহিকতায় অধ্যাদেশটি আইনে রুপান্তরের জন্য আগামীকাল মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

সংশোধনীতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কর মেয়াদ অর্থাৎ প্রতি এক মাসের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। তবে কোনো মাসের ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী প্রথম কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

এদিকে আসন্ন পবিত্র রমজান মাসে অপরিহার্য পণ্য খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানোর উদ্যেগ নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। শুল্ক হ্রাস করা সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে কাল। 

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বার্ষিক খেজুরের চাহিদা রয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০-৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে এই খেজুর আমদানি করা হয়।
গত বছরও রোজা শুরুর তিন মাস আগে খেজুরের শুল্ক-কর কমানোর অনুরূপ পদক্ষেপ নেয়া হয়েছিল। এর ফলে আমদানিতে খরচ কমে আসায় বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল।

গত ৩ অক্টোবর ব্যবসায়ীদের সাথে একটি সভায় খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

সভায় তিনি বলেছিলেন, খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণের দীর্ঘদিনের জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে দেশে আমদানি হওয়া বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক উৎসমূল্য যাচাই করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পরে এ-সংক্রান্ত প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্কায়ন ব্যবস্থা এমন হতে হবে যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক অ্যাসেসমেন্টের শিকার না হন। একই সঙ্গে পণ্যের মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগও রাখা যাবে না।

সরকার ও ব্যবসায়ী—উভয় পক্ষকে স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষ কারসাজির চেষ্টা করলে পুরো ব্যবস্থার ওপরই আস্থার সংকট তৈরি হয়।

খেজুর আমদানিকারকেরা জানান, আন্তর্জাতিক পরিবহন ও বন্দরের জটিলতার কারণে খেজুর বাংলাদেশে পৌঁছাতে আগের তুলনায় বেশি সময় লাগছে। তাই সময়মতো পর্যাপ্ত খেজুর আমদানি নিশ্চিত করতে শুল্কসংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত প্রয়োজন।

এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেললাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং গত ১২ হতে ১৮ অক্টোবর ২০২৬ মেয়াদে বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ-এর বার্ষিক সভা-২০২৬ এবং পার্শ্বসভাসমূহে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হবে।

পিএস

Link copied!