• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর প্রাথমিক শিক্ষকের মরদেহ উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৬, ১২:৫৪ পিএম
নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর প্রাথমিক শিক্ষকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধনু নদ থেকে অদ্বৈত দাস (৫৫) নামের এক সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অদ্বৈত দাস খালিয়াজুরী উপজেলার মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় দাসের ছেলে। তিনি স্থানীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন অদ্বৈত দাস। ওই দিন রাত ১১টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্য ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধনু নদে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

এসএইচ 

Link copied!