ফাইল ছবি
ঢাকা: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও গতকাল যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে।
রোববার (০৫ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৩ পয়েন্ট।
ডিএসইতে আজ ৫১২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬২৬ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৪ কোটি টাকার বা ১৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫ টি বা ৬.৪১ শতাংশের। আর দর কমেছে ৩৫৪ টি বা ৯০.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১১ টি বা ২.৮২ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৪৮ টির এবং পরিবর্তন হয়নি ৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৭৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমেছিল।
এএইচ/পিএস







































