ছবি : সংগৃহীত
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের। আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার সময় স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা ছিল। এমন পরিস্থিতি ছিল, যেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি। এরপর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে আরেকটি সংকটের মুখে পড়তে হয়েছে। তাই আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’
এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন- বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রীস্টেফার মি. অধিকারী।
নেতারা জনকল্যাণে বিএনপির নেওয়া কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা সুদসহ ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিস্টান চার্চের যাজকদের বিশেষ সন্মানি ভাতা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, জনগণ এসব উদ্যোগের উপকার পেতে শুরু করেছে। তারা তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন।
জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নারী প্রতিনিধি, ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি তুলে নেতারা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা এবং তাদের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
পিএস







































