ছবি : সংগৃহীত
ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেয়া হবে। এর ঠিক একদিন পরই বুধবার (৩ জুন) শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বুধবার (৩ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্যসূচকও বেড়েছে। একই সঙ্গে ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৭১ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ৮ সেপ্টেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। গত বছরের ৮ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা।
এর আগে ঈদের ছুটি শুরু হওয়ার আগেও শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ঈদের আগে টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। আর ঈদের পর লেনদেন হওয়া তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এতে টানা আট কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো। এই আট কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ২৩৮ পয়েন্ট বেড়েছে।
বুধবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে উঠে এসেছে।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭ কোটি ১৯ লাখ টাকা।
পিএস







































