ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশের সিরামিক শিল্পে নন্দনতত্ত্ব, আধুনিক স্থাপত্য ও আন্তর্জাতিক মানের কারুশিল্পের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’।
‘ইতালীয় কারুশিল্পের নির্যাস’—এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিরামিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মঈনুল ইসলাম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ, ইতালির সিস্টেম সিরামিকস-এর এরিয়া ম্যানেজার ফ্রান্সেস্কো পিয়ানি, এইচএলটি প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক সোফিয়াসহ দেশ-বিদেশের খ্যাতনামা স্থপতি, ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “বাংলাদেশের আবাসন ও স্থাপত্য শিল্প দিন দিন বিশ্বমানে উন্নীত হচ্ছে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ ইতালির সমৃদ্ধ কারুশিল্পের ঐতিহ্য বাংলাদেশে নিয়ে এসে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ দেশের সিরামিক শিল্পকে আরও সমৃদ্ধ করবে।”
আয়োজকদের ভাষ্য, চতুর্দশ শতকে ইতালিতে শুরু হওয়া রেনেসাঁ বা নবজাগরণ যেমন বিশ্ব শিল্প ও স্থাপত্যে নতুন যুগের সূচনা করেছিল, তেমনি মিলানো সিরামিকস বাংলাদেশের সিরামিক শিল্পেও নতুন দিগন্ত উন্মোচন করবে। ইতালির আভিজাত্য, নান্দনিকতা এবং শতাব্দীপ্রাচীন কারুশিল্পের ঐতিহ্য প্রতিফলিত হবে ব্র্যান্ডটির প্রতিটি পণ্যে।
স্বাগত বক্তব্যে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, “আমরা শুধু সিরামিক পণ্য তৈরি করছি না, প্রতিটি ঘরকে একটি জীবন্ত শিল্পকর্মে পরিণত করতে চাই। বছরের পর বছর আমাদের ডিলার ও গ্রাহকদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি, সেটিই মিলানো সিরামিকসের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে মিলানো সিরামিকসের ব্র্যান্ড পরিচিতিমূলক একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির নতুন পণ্য ও নকশা উপস্থাপনায় ইতালির ঐতিহাসিক স্থাপত্য থেকে নেওয়া অনুপ্রেরণার নানা দিক তুলে ধরা হয়।
পরে অতিথিরা বিশেষভাবে সাজানো অভিজ্ঞতা কেন্দ্র ঘুরে দেখে মিলানো সিরামিকসের বিভিন্ন পণ্যের গুণগত মান, নকশা ও ফিনিশিং সরাসরি পর্যবেক্ষণ করেন। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পিএস







































