ছবি: সংগৃহীত
ডিসিসিআই’র সদস্যদের অধিকতর উন্নত সেবা প্রদানের পাশাপাশি দক্ষিণ সিটি কর্পোরেশনের আতওাভুক্ত সদস্য ব্যবসায়ীদের ব্যবসা পরিচালন কার্যক্রম আরো সহজতর করার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) যৌথভাবে আয়োজিত সপ্তাহব্যাপি ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধনী করেন।
রোববার (১৬ আগস্ট) ডিসিসিআই অডিটোরিয়ামে সপ্তাহব্যাপি ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা চেম্বার এবং ডিএসসিসি যৌথভাবে আয়োজিত স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক মতবিনিময় সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।
রোববার ১৬ আগস্ট হতে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত সকাল ১০টা হতে ৪টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা চেম্বারের সদস্যভুক্ত প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যবসায়ীরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়নের নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে তাদের লাইসেন্স নবায়ন করতে পারবেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল, তবে এর নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণ ও হয়রানির কারণে উদ্যোক্তাদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। দেশে ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরিতে ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সকল সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপন ও হয়রানি রোধে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ, একাধিক বছরের জন্য নবায়ন কার্যক্রম প্রবর্তনের উপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে প্রতি শনিবার গণশুনানীর আয়োজন করা হচ্ছে, যেখানে ব্যবসায়ী সহ নগরবাসীর অংশগ্রহণের মাধ্যমে মতামত প্রদানের আহ্বান জানান। নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের জন্য নির্ধারিত ফিতে এনবিআরের চার্জ হ্রাস করা গেলে, ট্রেড লাইসেন্স ফি আরো কমানো সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। প্রশাসক আরো বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হলে, এদিকে যেমন সিটি কর্পোরেশনের আয় বাড়বে, পাশাপাশি জনগনকে উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় আড়াই লক্ষের মত ট্রেড লাইসেন্স রয়েছে, যদিও এর আওতাধীন এলাকায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি, এমতাবস্থায় ব্যবসায়ীদের নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ ও পুরোনো লাইসেন্স নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উপর জোরারোপ করেন।
তিনি আরো জানান, হয়রানি মুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিতের জন্য ডিজিটাল ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ওয়ান-স্টপ সার্ভিস চালু বিষয়টি বিচেনাধীন রয়েছে। শহরের যানজট নিরসনে বিদ্যুৎ চালিত অটো রিক্সা ও হকারদের রেজিস্ট্রেশনের আওতায় আসার বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসক আরো বলেন, পুরোনো ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সিটি কর্পোরেশন ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে, তবে পুরোনো ঢাকার যানজট নিরসনে কিছু কিছু রাস্তায় একমুখী চলাচল প্রবর্তনে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের মুক্ত আলোচনায় ডিসিসিআই’র পরিচালক মোহাম্মদ জমশের আলী, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন সহ-সভাপতি হোসেন এ সিকদার ও আলহাজ্ব মো: আলাউদ্দিন মালিক, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ্ব দীন মোহাম্মদ, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্রো প্রমুখ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এসএইচ







































