• ঢাকা
  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্তন ক্যান্সার সচেতনতায় হলি ক্রস কলেজে বিশেষ স্ক্রিনিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৬, ০৫:৩৬ পিএম
স্তন ক্যান্সার সচেতনতায় হলি ক্রস কলেজে বিশেষ স্ক্রিনিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

হলি ক্রস কলেজ ও হলিক্রস কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় কলেজ মিলনায়তনে ‘প্রমোটিং ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ শ্রেণির প্রায় ১৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পরপর দুটি অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। অনুষ্ঠানে অপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব।

অনুষ্ঠানে নিবন্ধিত নারীদের নিজে নিজে স্তন পরীক্ষার নির্দেশিকা ও প্রশিক্ষণ দেন ডা. সাদিয়া হাবিব অর্পি। স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ৫০০ জনেরও বেশি অভিভাবক ও শিক্ষিকা নিবন্ধন করেন। আজ গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের ৪ জন নারী চিকিৎসক ও ৩ জন নার্স বা প্যারামেডিক মিলে মোট ২৪০ জনের স্ক্রিনিং সম্পন্ন করেছেন। আগামী শনিবার অবশিষ্ট নিবন্ধিত ব্যক্তিদের স্ক্রিনিং সম্পন্ন করা হবে।

এর আগে এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসএইচ 

Link copied!