ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললেই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল সূত্র জানায়, চিফ অ্যাকাউন্টস অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দুপুরের মধ্যেই ভাতার প্রস্তাব অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হলে সন্ধ্যার মধ্যেই অনেক শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছাতে পারে।
মাউশির অর্থ ও ক্রয় বিভাগের তথ্যমতে, আজকের মধ্যেই ভাতার বার্তা পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা। কোনো কারণে বিলম্ব হলে আগামী বুধবারের মধ্যে এই অর্থ পাওয়া যাবে।
এবার বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের জন্য ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো অনলাইন বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে বেতন-ভাতা ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্টদের হিসাবে অর্থ পাঠানো হয়।
সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে, ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বেড়েছে।
এসএইচ







































