• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের বদলি আটকে যেতে পারে চার কারণে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬, ০৬:১১ পিএম
শিক্ষকদের বদলি আটকে যেতে পারে চার কারণে

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি প্রক্রিয়া চালুর প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে একটি নীতিমালা ও সফটওয়্যারভিত্তিক আবেদন ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে আবেদন করলেও বদলি পাওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, চারটি প্রধান কারণে শিক্ষকরা বদলির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এর মধ্যে রয়েছে-কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় জড়িত থাকা, শৃঙ্খলাজনিত কারণে সাময়িক বরখাস্ত (সাসপেনশন) থাকা, এমপিওভুক্ত বেতন বন্ধ থাকা এবং বিভাগীয় মামলা চলমান থাকা। এসব বিষয় যাচাই করবেন সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের বদলির জন্য প্রণীত নীতিমালার ভিত্তিতেই সব আবেদন যাচাই-বাছাই করা হবে। নীতিমালার বাইরে বা ত্রুটিপূর্ণ আবেদন করলে বদলির সুযোগ নাও মিলতে পারে।

এদিকে বদলি প্রক্রিয়াকে সহজ করতে একটি সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এই সফটওয়্যারের ১৪টি ধাপ প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানপ্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

সফটওয়্যার অনুযায়ী, প্রথমে প্রতিষ্ঠানপ্রধান নির্ধারিত লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর ড্যাশবোর্ড থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একইভাবে লগইন করে প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্য যাচাই করবেন। তিনি শূন্য পদ, শিক্ষকদের তথ্য এবং প্রয়োজনে স্বামী-স্ত্রীর কর্মস্থল সংক্রান্ত তথ্য যুক্ত করে তা যাচাই শেষে সাবমিট করবেন। তথ্য সঠিক হলে অনুমোদন, আর ভুল থাকলে প্রত্যাখ্যান করা হবে।

পরবর্তী ধাপে জেলা শিক্ষা কর্মকর্তারা উপজেলা পর্যায়ের তথ্য পর্যালোচনা ও হালনাগাদ করবেন। সর্বশেষে আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকেরা এসব তথ্যের চূড়ান্ত যাচাই সম্পন্ন করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই সফটওয়্যারভিত্তিক পদ্ধতি চালু হলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। তবে নির্ধারিত শর্ত পূরণ না করলে আবেদন করেও বদলির সুযোগ পাওয়া যাবে না।

এসএইচ 

Link copied!