• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৮, ২০২৬, ০৭:৪৯ এএম
তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। 

‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে। 

‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে 'নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫)' এর ১০(১) ধারা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, নবনিযুক্ত উপাচার্যদের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর অথবা তাদের অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত।

তারা স্ব স্ব বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যগণকে সার্বক্ষণিকভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এসব নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।

এম

Link copied!