• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাশিয়ায় বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করবেন যেভাবে


নিউজ ডেস্ক অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৩৭ পিএম
রাশিয়ায় বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করবেন যেভাবে

রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের ‘ওপেন ডোরস : রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।

রাশিয়ার অ্যাসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটিজ দেশটির বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং রসসোত্রুদনিচেস্তভোর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে।

ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল—এই চারটি পর্যায়ে প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও মানবিক বিদ্যাসহ ১৪টি বিষয়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে ইংরেজি বা রুশ ভাষায় পরিচালিত বিভিন্ন শিক্ষাক্রমে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ পেতে পারেন। রুশ ভাষায় পরিচালিত নির্দিষ্ট শিক্ষাক্রমে নির্বাচিত যোগ্য বিজয়ীরা সরকারি অনুদানের আওতায় যাতায়াতের খরচ, আবাসন, স্বাস্থ্যবীমা ও মাসিক ভাতাসহ বিভিন্ন সুবিধাও পেতে পারেন। অন্যদিকে, পোস্টডক্টরাল পর্যায়ে রয়েছে অভিজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে উন্নত গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ।

২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে এই অলিম্পিয়াডে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ৬ লাখ ১৮ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৭০০-এর বেশি প্রতিযোগী বিজয়ী বা রানার-আপ হয়েছেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধন : https://od.globaluni.ru/
আবেদনের নিয়মাবলি : https://od.globaluni.ru/rules
প্রতিযোগিতার সময়সূচি : https://od.globaluni.ru/#a-schedule-block
বিষয়ভিত্তিক তথ্য : https://od.globaluni.ru/#a-subjects
সাধারণ জিজ্ঞাসা : https://od.globaluni.ru/#a-faq

আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দিচ্ছে রাশিয়ান হাউস

রাশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় ঢাকাস্থ রাশিয়ান হাউস প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনলাইনে পরামর্শসেবা দিয়ে থাকে।

বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠিত এসব সেশনে উপযুক্ত শিক্ষাক্রম নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। সেশনে অংশ নেওয়ার সরাসরি লিংক ধানমণ্ডিতে অবস্থিত ঢাকাস্থ রাশিয়ান হাউসের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্ব

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা ও বিজ্ঞানক্ষেত্রে সহযোগিতা। ‘ওপেন ডোরস’-এর মতো উদ্যোগ বাংলাদেশি তরুণদের আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ, নতুন দক্ষতা অর্জন এবং গবেষণার অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়। এর মাধ্যমে ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করার পথ তৈরি হয়।

ঢাকাস্থ রাশিয়ান হাউস যোগ্য বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের এই সুযোগ কাজে লাগাতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে উৎসাহিত করছে।

ঢাকাস্থ রাশিয়ান হাউস সম্পর্কে

ঢাকাস্থ রাশিয়ান হাউস, যা রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার নামেও পরিচিত- বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্য ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

এম

Link copied!