• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনার দাম কমেছে


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১১, ২০২৬, ০৫:৩৫ পিএম
সোনার দাম কমেছে

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে বাড়লেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বাজার তথ্যানুযায়ী, বুধবার স্পট মার্কেটে সোনার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ১৮৬.০২ ডলারে দাঁড়ায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৯ শতাংশ কমে ৫ হাজার ১৯৪.১০ ডলারে নেমে আসে।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, সাম্প্রতিক পতনের পর তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, যা ইঙ্গিত দেয় যে ভূরাজনৈতিক উত্তেজনা এখনো শেষ হয়নি। তিনি বলেন, গত কয়েক দিনে সোনার দাম খুব বেশি ওঠানামা করেনি এবং তা এখনো ৫ হাজার ডলারের ওপরে স্থির রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সম্ভাব্য সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) রেকর্ড পরিমাণ তেল মজুদ ছাড়ার পরিকল্পনা সম্ভাব্য ঘাটতি পূরণে যথেষ্ট হবে কি না, তা নিয়েও বাজারে সন্দেহ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে পাল্টাপাল্টি বিমান হামলা চালাচ্ছে এবং যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এর ফলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ।

বিশ্লেষকদের ধারণা, পেট্রলের দাম বাড়ায় ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্য বেড়েছে এবং চলমান সংঘাতের কারণে তেলের দাম বাড়তে থাকলে মার্চে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে।

বিনিয়োগকারীরা আশা করছেন, আগামী ১৮ মার্চ শেষ হওয়া ফেডারেল রিজার্ভের দুই দিনের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে। যদিও সোনা সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে বিবেচিত হয়, তবে সুদের হার বাড়লে এর আকর্ষণ কিছুটা কমে যায়।

অন্যদিকে বুধবার স্পট সিলভারের দাম ১.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭.১৫ ডলারে নেমেছে। স্পট প্লাটিনাম ১.২ শতাংশ কমে ২ হাজার ১৭৪.০৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৬৪০.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!