ছবি : সংগৃহীত
ঢাকা: হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙতে ট্রাম্পের আহবানকে ইতিমধ্যে নাকচ করে দিয়েছে ফ্রান্স। এবার জাপানও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানাল।
রোববার (১৫ মার্চ) বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নীতিবিষয়ক প্রধান তাকায়ুকি কোবায়াশি বলেছেন, হরমুজ প্রণালী সুরক্ষায় সহায়তা করতে টোকিওর যুদ্ধজাহাজ পাঠানোর জন্য নির্ধারিত সীমা বা শর্ত “অত্যন্ত উচ্চ”।
এই মন্তব্য তিনি করেন কয়েক ঘণ্টা পর, যখন ডোনাল্ড ট্রাম্প জাপানসহ বিভিন্ন দেশকে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
কোবায়াশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-কে বলেন, “আমি মনে করি, এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানোর ক্ষেত্রে মানদণ্ড অত্যন্ত উচ্চ।”
তিনি আরও যোগ করেন, “আইনগতভাবে বলতে গেলে, আমরা এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করছি না; তবে বর্তমান পরিস্থিতিতে যখন এই সংঘাত চলছে, আমি মনে করি বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।”
অন্যদিকে ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা এই অঞ্চলে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ১৫তম দিনেও এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পিএস







































