• ঢাকা
  • সোমবার, ০৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৮১ আসনের ফল প্রকাশ, পশ্চিমবঙ্গের মসনদ হারাচ্ছেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক মে ৪, ২০২৬, ১০:১০ এএম
২৮১ আসনের ফল প্রকাশ, পশ্চিমবঙ্গের মসনদ হারাচ্ছেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৮১টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তৃণমূল কংগ্রেস-এর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যাচ্ছে। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজেপি, যা রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রকাশিত ফল অনুযায়ী, বিজেপি পেয়েছে ১৫৭টি আসন, তৃণমূল কংগ্রেস ১১৬টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৫টি, বামফ্রন্ট ২টি এবং অন্যান্যরা পেয়েছে ২টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা চলতে থাকে। গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও স্পষ্ট হচ্ছে।

২৯৪ আসনের এই বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করে। সেখানে পুনঃভোট ২১ মে এবং গণনা ২৪ মে অনুষ্ঠিত হবে। ফলে বর্তমানে ২৯৩টি আসনের ফলাফল গণনা হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে জয় পেয়ে টানা ক্ষমতায় থাকে দলটি, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে রাজ্যে সংগঠন শক্তিশালী করে বিজেপি, যা ২০২১ সালের নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে।

বুথ ফেরত সমীক্ষা নানা পূর্বাভাস দিলেও চূড়ান্ত ফল নির্ভর করছে চলমান গণনার ওপর। এদিনের ফলাফলই নির্ধারণ করবে— তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি বিজেপির উত্থানে রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এম

Link copied!