‘পে-স্কেল শুধু জীবনমান নয়, সচল করবে অর্থনীতির চাকা’

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:৩৯ এএম
‘পে-স্কেল শুধু জীবনমান নয়, সচল করবে অর্থনীতির চাকা’

ফাইল ছবি

নতুন পে-স্কেল শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নই করবে না, বরং দেশের অর্থনৈতিক চাকা সচল করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, দীর্ঘ ১১ বছরে দুটি পে-স্কেল কার্যকর হওয়ার যৌক্তিক সুযোগ থাকলেও একটিও বাস্তবায়িত না হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও আয়ের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন পে-স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নয়, এটি জাতীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর মাধ্যম। দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে। এটি মূলত উৎপাদন ও বিনিয়োগে গতি আনবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় অবদান রাখবে।

সংগঠনটি জানায়, পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় করা অর্থ বিভিন্ন খাতে প্রবাহিত হয়ে বহুগুণ মূল্য সংযোজন করবে, যা জাতীয় আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীরা গৃহঋণ গ্রহণে আগ্রহী হলে আবাসন ও নির্মাণ খাতেও নতুন গতি আসবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বেতন বৃদ্ধি পেলে মানুষের ভোগব্যয় বাড়বে, যার ফলে সরকারের ভ্যাট ও কর আদায় বৃদ্ধি পাবে। এই অতিরিক্ত রাজস্ব নতুন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়তা করবে। পাশাপাশি কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়ার ফলে জনসেবার মান উন্নত হবে এবং দুর্নীতির প্রবণতাও হ্রাস পেতে পারে।

তবে নতুন পে-স্কেলের প্রকৃত সুফল পেতে বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং উৎপাদন ও বিনিয়োগে নীতিগত সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি। সব মিলিয়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রত্যাশা করছে তারা।

এসএইচ 

Link copied!