• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২৬, ০৬:২৮ পিএম
সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা

ফাইল ছবি

ঢাকা: সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিএমজেএফ।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিএমজেএফ অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছে যে সংগঠনের সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে গত ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে মামলা করেছে ‘এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।’ ‘শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির জালিয়াতি, দুর্নীতি এবং ভুয়া তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ’ নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি প্রকাশিত একটি সংবাদের কারণে এই মামলা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনায় ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে প্লেসমেন্ট বাণিজ্য, প্রসপেক্টাসে জাল সাক্ষরসহ ভয়াবহ জালিয়াতির প্রমাণ মিলেছে। এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ রয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর, ২১ জানুয়ারি বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই তদন্ত কমিটি ইতোমধ্যে ‘তদন্ত প্রতিবেদন’ জমা দিয়েছে। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে বর্তমানে বিষয়টি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে চলমান রয়েছে বলে সিএমজেএফ নিশ্চিত হয়েছে।

ফলে সিএমজেএফ মনে করে মামলাটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক এবং প্রতিশোধ পরায়ণের পদক্ষেপ। এ ধরণের মামলা দায়ের গণমাধ্যমের কন্ঠরোধ করার ব্যর্থ অপচেষ্টা। পাশাপাশি এই মামলা শেয়ারবাজার সংশ্লিষ্ট অনিয়ম-দুর্নীতি নিয়ে সাংবাদিকতার একটি প্রচেষ্টাকে স্তব্ধ করে দেওয়ার সুপরিকল্পিত অপপ্রয়াস।

সিএমজেএফ মনে করে, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে প্রকাশিত সংবাদে প্রকৃত কোনো ভুল বা অসঙ্গতি থাকলে, তার প্রতিকারের যথাযথ পথ হলো প্রতিবাদলিপি প্রেরণ, সংশোধনী দাবি বা প্রেস কাউন্সিলের মতো নির্ধারিত আইনি ও পেশাগত ফোরামে অভিযোগ দায়ের করা। এর পরিবর্তে সরাসরি সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন সুস্পষ্টভাবে সাংবাদিক ও তার পরিবারকে ভীতি প্রদর্শন এবং সত্য সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার হীন উদ্দেশেই করা হয়েছে। তাই ইব্রাহিম হোসেন রেজোয়ানের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সিএমজেএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা একটি সুষ্ঠু ও স্বচ্ছ পুঁজিবাজার গঠনের অপরিহার্য শর্ত। ফলে সংগঠন তার সদস্যদের পাশে থেকে যেকোনো হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে এবং যথাযথ সহায়তা প্রদান করবে।

এএইচ/পিএস

Link copied!