ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বর্তমানে নির্ধারিত পদের চেয়ে দুই থেকে তিন গুণ কর্মকর্তা কাজ করছেন। তবুও কর্মকর্তা সংকটে পড়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়! মন্ত্রণালয়টির ৭টি উন্নয়ন প্রকল্পে এখন প্রকল্প পরিচালকের পদ শুন্য রয়েছে। এছাড়াও মন্ত্রণালয়টির ১৫টি পদ শুন্য রয়েছে। যার প্রভাব পড়ছে উন্নয়ন কাজে। কাজের ধীর গতিতে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আধা সরকারি পত্র থেকে এমন তথ্য জানা গেছে।
জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে লেখা চিঠিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ৯ম গ্রেড ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ৩০টি পদ রয়েছে। উক্ত পদসমুহের মধ্যে অতিরিক্ত সচিব পদটি দীর্ঘদিন যাবত শুন্য রয়েছে। যুগ্মসচিবের ১টি, উপসচিবের ২টি এবং সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিবের ২টি পদ শুন্য রয়েছে। শাখায় কর্মরত ১জন উপসচিব বদলির আদেশাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও এ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলা একাডেমির সচিবরে (যুগ্নসচিব) পদ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক (উপসচিব) পদটি শুন্য রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার ৭টি প্রকল্প যথাক্রমে গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউনন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত কাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নত্যৃকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ শীর্ষক প্রকল্প, দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী শীর্ষক প্রকল্প, মুক্তাগাছা সংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি অফিস কাম মাল্টি ফাংশনাল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প পরিচালক পদ শুন্য রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার ২টি এবং মন্ত্রণালয়ের আওতাধীণ বিভিন্ন দপ্তর/সংস্থার প্রকল্প/উন্নয়ন প্রকল্প সমুহের ৭টি সর্বমোট ১৫টি পদ শুন্য থাকায় দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গত ৪ জুলাই এ মন্ত্রণালয়ের ৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প কাজের ধীর গতিতে উষ্মা প্রকাশ করেছেন।
‘এমতাবস্থায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কাজে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ১টি, যুগ্নসচিবের ১টি, উপসচিবের ২টি, সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিবের ২টিসহ মোট ৬টি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) ১টি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাও, নারায়ণগঞ্জ এর পরিচালকের ১টি (উপসচিব) এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার ৭টি প্রকল্পসহ ১৫টি পদে উপযুক্ত কর্মকর্তা পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় ব্যক্তিগত উদ্যেগ কামনা করছি।’
উল্লেখ্য, প্রশাসনে অতিরিক্ত সচিবের ২১২টি পদে কর্মরত রয়েছেন ৩৯৯ জন, যুগ্মসচিবের ৪১১ পদে ৭২৫ জন, উপসচিবের ১,৩২৪টি পদে কর্মরত আছেন ১,৬৯৮ জন।
সোনালীনিউজ/এসআই/আইএ







































