ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সাথে ফোনে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরকে ফোন করেন এবং তার অবস্থার বিস্তারিত জানেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনা জানান। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি অতীতে মানুষের সঙ্গে বেঈমানি করেছে, তাদের পুরোনো ইতিহাস আবারও উন্মোচন হয়েছে। তাই তাদের নিষিদ্ধের দাবি উঠেছে, আইনগত দিক যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
পিএস







































