• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক নিয়ে যা বলছে ডিবি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৯ পিএম
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক নিয়ে যা বলছে ডিবি

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জয়েন্ট কমিশনার হারুন অর রশীদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এখন যাচাই করা হচ্ছে অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছে কি না। হ্যাক প্রমাণিত হলে, কে এবং কীভাবে এটি করেছে, তা তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে ওই আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

পরে দলের সাইবার টিম আইডি উদ্ধারের কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হয়। বিতর্কিত পোস্টটি দ্রুত সরিয়ে দেওয়া হলেও এর আগে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার ছড়ায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!