প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে রমজানের নতুন চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান একাডেমি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা সম্ভব হবে না।
একাডেমির বিশ্লেষণ অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৪টা ১ মিনিটে নতুন চাঁদ জন্ম নেবে। সেই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট হবে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চাঁদও অস্ত যাবে। ফলে খালি চোখে বা উন্নত প্রযুক্তির টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা সম্ভব হবে না।
একাডেমি জানিয়েছে, শুধুমাত্র আমিরাত নয়, ইসলামিক বিশ্বের কোনো দেশেই ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে না।
পরদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে নতুন অর্ধচন্দ্র খালি চোখে দেখা যাবে। চাঁদ তখন বয়স ২৬ ঘণ্টা পেরিয়ে থাকবে এবং দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি ২১ আর্ক-মিনিট উচ্চতায় থাকবে। ফলে আকাশ পরিষ্কার থাকলে মুসল্লিরা নিজেরাই মহিমান্বিত মাসের চাঁদ দেখতে পারবেন।
ফলে ওই অঞ্চলে প্রথম রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেসব দেশ জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজান শুরু ঘোষণা করে, সেখানে প্রথম রোজা হবে ১৮ ফেব্রুয়ারি।
সূত্র: খালিজ টাইমস
এসএইচ







































