ফাইল ছবি
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ফলাফল। মূল ভোটগণনায় পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে রফিকুল ইসলাম খান পান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটে দুই প্রার্থীর ব্যবধান ছিল মাত্র ৭৬৫ ভোট। ফলে তখনো ফল অনিশ্চিত ছিল।
পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ পোস্টাল ব্যালট ছিল ৩ হাজার ২১টি। এর মধ্যে রফিকুল ইসলাম খান পান ২ হাজার ১৭৯ ভোট এবং এম আকবর আলী পান ৮২০ ভোট।
পোস্টাল ব্যালট যুক্ত হওয়ার পর পাল্টে যায় চিত্র। চূড়ান্ত গণনায় রফিকুল ইসলাম খানের মোট ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮৭২। বিপরীতে এম আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে বিজয়ী হন।
ভোটের দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পোস্টাল ব্যালটই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় জয়-পরাজয়ের ভাগ্য। স্থানীয় রাজনৈতিক মহলে এটিকে এবারের নির্বাচনের অন্যতম নাটকীয় সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।
এসএইচ




































-20260209095654.jpg)
