• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘অবিবাহিত জীবন নিয়েই দারুণ সুখী’, ৫০ বছরেও বিয়ে না করা আমিশা প্যাটেল


বিনোদন ডেস্ক আগস্ট ৭, ২০২৬, ১১:৫৬ এএম
‘অবিবাহিত জীবন নিয়েই দারুণ সুখী’, ৫০ বছরেও বিয়ে না করা আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয়েই তিনি বেশ সুখী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আয়োজিত একটি প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।

এক ভক্ত আমিশাকে প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করছেন?’ জবাবে অভিনেত্রী স্পষ্ট ভাষায় লেখেন, ‘কখনো না। অবিবাহিত জীবন নিয়েই আমি দারুণ সুখী। আমার ১০০ জন ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন। একজন পুরুষ এসে এসব বদলে দিক, সেটা আমি মেনে নিতে পারি না।’

তবে বর্তমানে বিয়ের পরিকল্পনা না থাকলেও অতীতে প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আমিশা।

সম্প্রতি ইউটিউবার ও পডকাস্ট সঞ্চালক রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে তিনি জানান, অভিনয় জীবন শুরুর আগে তার একটি গভীর সম্পর্ক ছিল। কিন্তু চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সম্পর্কে ইতি টানতে হয়।

আমিশার ভাষ্য, ‘যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা আপনার ক্যারিয়ারকে এগিয়ে যেতে দেবে। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছি। কখনো ক্যারিয়ারের জন্য প্রেম ছেড়েছি, কখনো প্রেমের জন্য অন্য কিছু ত্যাগ করেছি। এই দুই অভিজ্ঞতা থেকেই আমি শিক্ষা পেয়েছি।’

তিনি আরো জানান, তার সেই সময়কার সঙ্গী দক্ষিণ মুম্বাইয়ের এক প্রভাবশালী শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন।

পারিবারিক ও শিক্ষাগত দিক থেকে সম্পর্কটি আদর্শ হলেও, তিনি চাইতেন না তার সঙ্গী একজন জনপরিচিত অভিনেত্রী হন। শেষ পর্যন্ত ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ারকেই বেছে নেন আমিশা প্যাটেল।

এম

Link copied!