• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনলাইন ক্লাস নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন ক্লাস নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মুখে বিদ্যুৎ সাশ্রয় করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার তাগিদে করোনাকালের মতো আবারও ফিরছে অনলাইন ক্লাস। তবে, একযোগে সব স্কুলে নয়; বরং নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু হবে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক সেমিনারে এ বার্তা দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব ইতিহাসে নানা সংকট নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা ব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। 

তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে পেপারলেস। সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে। শিক্ষার্থীদেরও সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।

এহসানুল হক মিলন বলেন, নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে; যেমন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ— এসব স্কুলে পাইলট প্রকল্প হিসেবে হাইব্রিড পদ্ধতির উদ্যোগ নেওয়া হতে পারে।

তিনি আরও  বলেন, প্রস্তাবিত মডেলে সপ্তাহজুড়ে কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে ট্রাফিক চাপ ও জ্বালানি ব্যবহার হ্রাস পাবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত পাঠক্রমের মধ্যেই থাকবে। 

পিএস

Link copied!