• ঢাকা
  • রবিবার, ৩১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্ববাজারে বাড়ল সোনা ও রুপার দাম


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০২৬, ০৯:৫৭ এএম
বিশ্ববাজারে বাড়ল সোনা ও রুপার দাম

ফাইল ছবি

ঢাকা: টানা দরপতনের ধাক্কা সামলে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে স্বর্ণের দাম। মাত্র একদিন আগেই মূল্যবান এই ধাতুর মূল্য দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে সেই বড় পতনের ধাক্কা কাটিয়ে শুক্রবার সকাল থেকেই বিশ্ববাজারে সোনার দামে বেশ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপের কারণে বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আর বিশ্ব অর্থনীতির এই বহুমুখী পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্য অনুযায়ী, দুবাইয়ের বাজারে শুক্রবার লেনদেনের শুরুতেই ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫৪৪.০ দিরহামে দাঁড়িয়েছে। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এই দাম ছিল ৫৪১.২৫ দিরহাম। তারও আগে, গত ২৭ মে সোনার দাম কমে দুই মাসের সর্বনিম্ন অর্থাৎ ৫৩৭.০ দিরহামে নেমেছিল।

দুবাইয়ের বাজারে অন্যান্য ভ্যারিয়েন্টের মধ্যে ২২ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫০৩.৭৫ দিরহামে বিক্রি হচ্ছে, যা গত বুধবার ৫০০ দিরহামের নিচে নেমে গিয়েছিল। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৪৮৩.০ দিরহাম, ১৮ ক্যারেট ৪১৪.০ দিরহাম এবং ১৪ ক্যারেট সোনা ৩২৩.০ দিরহামে লেনদেন হচ্ছে।

বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আজ ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১১ ডলারে লেনদেন হতে দেখা গেছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও সোনার দাম ০.৩৬ শতাংশ বা ১৬.৩৭ পয়েন্ট বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ৫১৮.২৭ ডলারে দাঁড়িয়েছে। তবে সোনার বাজারে এই উত্থান থাকলেও রুপার বাজার আজ সম্পূর্ণ স্থিতিশীল ছিল এবং প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ৭৫.৭২ ডলারে।

স্বর্ণবাজারের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাজার বিশেষজ্ঞ বিজয় ভালেচা মনে করেন, কারিগরি দিক বিবেচনা করলে সোনার বাজারের এই ইতিবাচক ধারা আরও কিছুদিন বজায় থাকতে পারে। তবে ভিন্ন মত পোষণ করে ড্যানিয়েল হথর্ন জানিয়েছেন, সাম্প্রতিক বড় পতনের পর বাজার এখনো পুরোপুরি শক্ত অবস্থানে ফিরতে পারেনি। তাছাড়া বন্ডের মুনাফা বৃদ্ধি এবং মার্কিন ডলার শক্তিশালী হতে থাকায় সোনা এখনো কিছুটা চাপের মুখে রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি।

এদিকে, ইরান সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমায় বিনিয়োগকারীরা আবারও ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ শুরু করেছেন, যার ফলে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা কিছুটা কমেছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এই ওঠানামা চললেও বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে এর কোনো প্রভাব পড়েনি। দেশের বাজারে স্বর্ণের দাম বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।

বর্তমানে দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪...৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা অপরিবর্তিত রয়েছে।

এসআই

Link copied!