দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে সাত শতাংশ (৭.৫%) ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানাকে সরাসরি ডেকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণদের ডিজিটাল অর্থনীতিতে উদ্বুদ্ধ করতেই সরকার এমন কোনো কর না বসানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মিশেলে অনন্য ভিডিও তৈরি করে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জুয়েল রানা।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের মুখোমুখি হন জুয়েল রানা। সাক্ষাৎকারটিতে তিনি জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫% ভ্যাট আরোপের বিষয়টি নিয়ে যে গুঞ্জন চলছে, তা তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন।
জুয়েল রানার ভাষ্যমতে, বিষয়টি শোনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং তরুণদের আশ্বস্ত করে বলেন, এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই আমাদের ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈশ্বিক কাজের সাথে যুক্ত থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)।
সাক্ষাৎকারে জুয়েল রানা নিজের ও প্রধানমন্ত্রীর কথোপকথন তুলে ধরে বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম—কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য যে সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হচ্ছে, তা কি সঠিক? প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘অবশ্যই সঠিক না, সঠিক হওয়ার সুযোগও নেই। ইনশাআল্লাহ এরকম কিছু হবে না। আপনি নিশ্চিত থাকেন, আপনার সামনেই এটা বন্ধ করা হবে। নো টেনশন, আপনারা কাজ করে যান।’
প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদের অবদানের প্রশংসা করে আরও বলেন যে, ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখছেন এবং কনটেন্ট ক্রিয়েটররা এর মাধ্যমে তাদের পরিবার চালাচ্ছেন। তাই তাদের ওপর বাড়তি করের বোঝা চাপানো হতে পারে না।
প্রধানমন্ত্রীর এই ইতিবাচক মনোভাবের পর জুয়েল রানা তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রিল্যান্সাররা দেশ থেকে কোনো সম্পদ বা টাকা পাচার করে না, বরং তারা মাথার ঘাম পায়ে ফেলে বৈধ পথে বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) দেশে নিয়ে আসে। তাই সরকারের উচিত তাদের প্রতি আরও বেশি নমনীয় ও সহায়তাপ্রবণ হওয়া।
প্রধানমন্ত্রীও জুয়েল রানার এই যুক্তির সাথে একমত পোষণ করেন এবং বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করার পর ফেসবুকে জুয়েল রানার পেজ ‘চিত্ত মিডিয়া’র ফলোয়ার সংখ্যা বর্তমানে ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। তবে জুয়েল রানার এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত সরকারের উচ্চপর্যায় বা অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এম







































