ছবি: সোনালীনিউজ
বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির ষষ্ঠ মাসিক সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাজের সাধারণ মানুষের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এবারের সভায় বিশেষ করে শিক্ষা খাতে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।
বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ও শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সমাজের দারিদ্র্যপীড়িত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনের সকল সদস্যদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। সভাপতির এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে সভার মাঝেই সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য মাজেদুল ইসলাম শিক্ষার্থীদের ব্যবহারের জন্য তাৎক্ষণিকভাবে একটি কম্পিউটার দান করেন। এ ছাড়া আরেকজন সদস্য নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দেন। একই সঙ্গে উপস্থিত বেশ কয়েকজন সদস্য আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত বড় পরিসরে সহযোগিতা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়াত হোসেনের পরিচালনায় সভায় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নিয়মিতভাবে মাসিক বৈঠক আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সদস্যরা মনে করেন, নিয়মিত আলোচনার মাধ্যমে সমাজের কল্যাণে আরও নতুন নতুন টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল সাত্তার মোল্লা, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শরিফ উল আলম, কার্যকরী সদস্য মনির হোসেন, মাজেদুল ইসলাম ও আমিনুল ইসলাম লিখনসহ আরও অনেকে।

সভার শেষ মুহূর্তে সমিতির অত্যন্ত সম্মানিত সদস্য এডভোকেট হরমুজ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার অবদানের কথা স্মরণ করে এবং আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই মিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সভায় ঢাকায় বসবাসরত বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার বিপুলসংখ্যক সাধারণ ও আজীবন সদস্য উপস্থিত হয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করেন।
এসএইচ







































