• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আমাকে রীতিমতো অন্তর্বাস খুলে দেখাতে হয়েছে’, ক্ষুব্ধ গায়িকা


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৬, ১২:৫৫ পিএম
‘আমাকে রীতিমতো অন্তর্বাস খুলে দেখাতে হয়েছে’, ক্ষুব্ধ গায়িকা

ফাইল ছবি

টালিউডের জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী ও তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য সম্পর্ক এখন ভাঙনের পথে। আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালেই শ্বশুরবাড়ি থেকে নিজের ব্যক্তিগত জিনিসপত্র আনতে গিয়ে চরম অপমান ও হেনস্তার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন এই শিল্পী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেবলীনা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগে দেবলীনার আত্মহত্যার চেষ্টার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি রাজারহাটের বাসা ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান। এরপর থেকেই এই তারকা দম্পতির সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে এবং তাঁরা আইনি বিচ্ছেদের পথ বেছে নেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি পশ্চিমবঙ্গের চন্দননগরে অবস্থিত শ্বশুরবাড়িতে আটকে থাকা নিজের জিনিসপত্র ফেরত নিতে যান দেবলীনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁর সঙ্গে ছিল পুলিশের একটি দল এবং তাঁর বোন। প্রয়োজনীয় কিছু জিনিস ফিরে পেলেও সব সামগ্রী তিনি ফেরত পাননি বলে দাবি করেছেন।

দেবলীনার অভিযোগ, বিয়ের আশীর্বাদের সময় প্রবাহর পরিবারের পক্ষ থেকে তাঁকে যে সোনার হার দেওয়া হয়েছিল-যা তাঁর ভাষায় ‘স্ত্রীধন’-সেটি তাঁকে ফেরত দেওয়া হয়নি। এ ছাড়া নিজের উপার্জনের অর্থ দিয়ে কেনা কিছু আসবাবপত্রও তিনি শ্বশুরবাড়িতে রেখে এসেছেন, যা আর ফেরত আনা সম্ভব হয়নি।

তবে সবচেয়ে অস্বস্তিকর ও অপমানজনক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভিডিওতে আবেগপ্রবণ হয়ে পড়েন এই গায়িকা। তিনি জানান, জিনিসপত্র বুঝে নেওয়ার সময় তাঁর একটি ব্যক্তিগত ব্যাগ নিয়ে তীব্র আপত্তি তোলা হয়। সেই ব্যাগে তাঁর নিত্যব্যবহার্য অন্তর্বাস ছাড়া আর কিছুই ছিল না। তা সত্ত্বেও সেটি খুলে দেখানোর জন্য চাপ দেওয়া হয়।

ঘটনার বর্ণনা দিয়ে দেবলীনা বলেন, ‘আমাকে রীতিমতো আমার অন্তর্বাস খুলে প্রদর্শন করে দেখাতে হয়েছে। আমার দেবর, যাকে আমি নিজের ভাই মনে করতাম, দেখলাম সে-ও মুখ টিপে হাসছে।’ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘তাহলে এবার আপনারাই বলুন, কাকে আসল হেনস্তা হতে হলো?’

গায়িকা জানান, পুরো পরিস্থিতিতে শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিই তাঁকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে এবং সহায়তা জুগিয়েছে। যদিও এর আগে তিনি অভিযোগ করেছিলেন, শ্বশুরবাড়িতে আটকে থাকা জিনিসপত্র উদ্ধারের বিষয়ে প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি তিনি।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং বর্তমানে তাঁদের আইনি বিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই শ্বশুরবাড়িতে জিনিসপত্র ফেরত আনতে গিয়ে গায়িকার এমন হেনস্তার শিকার হওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

এসএইচ 

Link copied!