• ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কেন?


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০২৬, ০৬:২৭ পিএম
পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কেন?

ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার ঘোষণা থাকলেও এর সুনির্দিষ্ট গেজেট বা প্রজ্ঞাপন কবে প্রকাশ হবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি জুন মাসের শেষ সপ্তাহের দিকেই এই নতুন পে-স্কেলের গেজেট জারির একটি ইঙ্গিত দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে এখনো পে-স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো এবং কারিগরি কিছু বিষয় চূড়ান্ত না হওয়ায় গেজেট প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কিছুই জানাতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পে-স্কেলের গেজেট প্রকাশ ও বেসিক বৃদ্ধিসহ যাবতীয় বিষয় মূলত নির্ভর করছে আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া সচিব কমিটির সভার ওপর। তবে সূত্র জানিয়েছে, সচিব কমিটির সভার থেকে এখন পর্যন্ত গেজেট প্রকাশ নিয়ে নির্দিষ্ট কোনো সময় পৌছাতে পারেনি।

গেজেট প্রকাশের এই ধীরগতির পাশাপাশি আরেকটি বড় ধাক্কা আসতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। জানা গেছে, নবম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই সরকারি চাকরিজীবীদের বর্তমানে প্রচলিত গ্রেডভিত্তিক ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধাটি বাতিল হয়ে যাবে। বর্তমানে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ফলে নতুন পে-স্কেলে প্রথম ধাপে যদি মূল বেতনের ৫০ শতাংশও বৃদ্ধি পায়, তবে এই বিদ্যমান বিশেষ সুবিধা কাটছাঁট করার কারণে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রকৃত বেতন বাড়বে ৩৫ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের প্রকৃত বেতন বাড়বে ৪০ শতাংশ।

সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ না জানানো এবং বেসিক বৃদ্ধির প্রকৃত হার নিয়ে স্পষ্ট কোনো বার্তা না আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতারা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। কিন্তু ৫০ শতাংশ নাকি ১০০ শতাংশ বাস্তবায়ন হবে এবং কবে নাগাদ চূড়ান্ত গেজেট হাতের নাগালে আসবে, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় মাঠ পর্যায়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তীব্র হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে সাধারণ কর্মচারীরা আর কোনো লুকোচুরি বা গুঞ্জন শুনতে চান না, তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চান। লাখ লাখ চাকুরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবারের বৈঠকের মাধ্যমে দ্রুত প্রজ্ঞাপন জারির পথ সুগম হবে, এটাই এখন সবার একমাত্র দাবি।

এসএইচ 

Link copied!