• ঢাকা
  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান-এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৬, ০৪:৫৫ পিএম
উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান-এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ

ফাইল ছবি

ঢাকা: বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির ঘটনায় আলোচিত উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চার পরিচালক একযোগে পদত্যাগ করেছেন।

জানা যায়, রোববার (১৬ আগস্ট) তাঁরা বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা চারজন হলেন- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি উল্লাহ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। চারজন স্বতন্ত্র পরিচালক ও উত্তরা গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাহবুব আলমকে নিয়ে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়। তবে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওয়ালি উল্লাহ তার আগ থেকেই দায়িত্বে ছিলেন। তিনি ২০২৫ সালের জানুয়ারি মাসে কোম্পানির এমডি হিসেবে যোগ দেন।

চার পরিচালকের পদত্যাগের পর উত্তরা ফাইন্যান্সের পর্ষদে পরিচালক হিসেবে এখন দুজন আছেন। তাঁরা হলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং উত্তরা গ্রুপের সিএফও ও পরিচালক মাহবুব আলম এফসিএমএ।

এএইচ/পিএস

Link copied!