ফাইল ছবি
ঢাকা: দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং বেসামরিক বিমান চলাচল খাতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রতিমন্ত্রীকে করা হয়েছে সহ-সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) দায়িত্ব পালন করবেন সদস্যসচিব হিসেবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করাও কমিটির অন্যতম লক্ষ্য।
মন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাত আন্তর্জাতিক পর্যায়ে আরও আস্থাভাজন হয়ে উঠবে।
জানা গেছে, দেশের প্রধান গোয়েন্দা সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির প্রথম সভা আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য মূল্যায়ন এবং প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ প্রণয়নের দায়িত্ব পালন করবে কমিটি। এছাড়া নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণ, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার কাজও করবে তারা।
কমিটির কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্তি এবং উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি বছরে অন্তত দুইবার সভা আহ্বান করবেন।
এসআই







































