• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী


লক্ষ্মীপুর প্রতিনিধি  আগস্ট ৪, ২০২৬, ০৮:৪০ পিএম
সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না উল্লেখ করে লক্ষ্মীপুর প্রশাসনের উদ্দেশ্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, অপরাধের পরিমাণ কমিয়ে আনতে হবে। আমাদের রাজনীতিক নেতাকর্মীরা সরকারি অফিসে রাজনীতিক প্রভাব বিস্তার করে ফায়দা নিবে এ সুযোগ লক্ষ্মীপুরে নেই। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি, বিভিন্নভাবে নেতাকর্মীদের এ বিষয়ে গাইড করছি। কিন্তু কোন অফিসে গিয়ে কেউ রাজনীতিক প্রভাব বিস্তার করে সুবিধা আদায় করে নিবে, প্রশাসনও ছেড়ে দিবে- এ সুযোগ নেই। প্রায়োরিটির দিক থেকে আগে জনগণ এবং এলাকা-সেদিক নিশ্চিত করে জেলার আইনশৃঙ্খলা বলেন আর উন্নয়ন বলেন সেগুলো প্রশাসন আদায় করে নিবে। সে ব্যাপারে আমরা কখনো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করবো না। আমরা চাই নিয়ম অনুযায়ী আমাদের সরকার জনগণের জন্য যে কাজ করতে চায়, সেটি যেন করে দেখাতে পারি। 

তিনি বলেন, আমাদের সরকারের যেন বদনাম না হয় সেটিও নেতাকর্মীদের আমরা সতর্ক করে দিয়েছি। তারা কাজের ব্যাপারে কোন অফিসে গিয়ে ধমক দেয় না এবং টেন্ডারবাজিতে অংশ নেওয়ারও কোন সুযোগ নেই। কেউ যদি নিয়ম অনুযায়ী ব্যবসা করে করতে পারবে, কিন্তু নিয়মের বাহিরে গিয়ে প্রভাব বিস্তার করবে ওই সুযোগ আমরা দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে বিএনপি থেকে এ নির্দেশনা রয়েছে।

বক্তব্যে মন্ত্রী ৪ আগস্ট জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শহীদ ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 

তিনি আরও বলেন, অনেক আন্দোলন সংগ্রামের পর ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ গুরুত্বপূর্ণ দিনটি পালন করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এখন আর চাওয়ার পাওয়ার কিছুই নেই। চাওয়া-পাওয়া জনগণের জন্য। সে অনুযায়ী কাজ করছে সরকার। 

সভায় জেলা প্রশাসক (ডিস) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ। 

পিএস

Link copied!