• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৬, ০৬:৪৭ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র সংগঠন দুইটির কর্মীদের মধ্যে হল দখল, সিট দখল এবং প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জের ছড়িয়ে পড়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসে সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে আবারও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষক ও জকসু নেতারা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা কলেজ: এদিন বিকালে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ রাজধানীর সায়েন্সল্যাব মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।

ঢাকা আলিয়া মাদ্রাসা: হল দখলকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।

পিএস

Link copied!