• ঢাকা
  • রবিবার, ৩০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩০, ২০২৬, ১২:২১ পিএম
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

ছবি : সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এরমধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেয়ার কথা জানিয়েছে দেশটি। একইসঙ্গে সৌরবিদ্যুৎ, সড়কে বিটুমিনের সঙ্গে রাবারের ব্যবহারসহ বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া।

রোববার (৩০ আগস্ট) সকালে এসব কথা বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থমালয়েশিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে উঠে আসে শ্রমবাজার ও বিনিয়োগের নানা বিষয়।

পরে মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সেপ্টেম্বর থেকেই বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করতে চায় মালয়েশিয়া। এরমধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান,শুধু শ্রমবাজার নয়, বাংলাদেশে বিভিন্ন খাতেও বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়া। সৌরবিদ্যুৎ, সড়ক নির্মাণে বিটুমিনের সঙ্গে রাবারের ব্যবহারসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত যান ও রিকশা চলাচল নিয়েও নতুন বিধিমালা চূড়ান্ত করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, দ্রুতই ব্যাটারিচালিত যান চলাচলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হবে। প্রধান সড়কে রিকশা চলাচল করতে দেয়া হবে না। রাজধানীতেও চলবে না ছয় সিটের রিকশা।

এছাড়ানিয়ন্ত্রণের পাশাপাশি রিকশা ব্যবস্থাপনায় আনা হচ্ছে আরও কিছু পরিবর্তন। এলাকাভেদে রিকশার জন্য আলাদা রঙ নির্ধারণের পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চালিত যান চার্জ দেয়ার ব্যবস্থার কথাও উঠে আসে।

এসআই

Link copied!