ফাইল ছবি
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গেজেটের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। এবার সেই গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানোর মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম আরও এগিয়ে গেল।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।
এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেটের কপি পাঠানো হয়েছে। একই সঙ্গে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালককেও গেজেটের কপি দেওয়া হয়েছে।
চিঠির সঙ্গে গেজেটের দুটি কপি সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গেজেটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন আরও এক ধাপ এগিয়ে গেল।
এসএইচ







































