• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ১০:১৪ এএম
দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঘোষিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

অন্যদিকে, একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

প্রসঙ্গত, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমান মজুরি ১২ হাজার ৫০০ টাকার তুলনায় এটি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো কার্যকর হবে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে। বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এই মজুরি চূড়ান্ত হয়। রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।

কোন গ্রেডে কত মজুরি

জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

এম

Link copied!