• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শনিবার ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৬, ১২:২৮ পিএম
শনিবার ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে

ছবি : সংগৃহীত

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিন ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বিভাগীয় পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ছুটির সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সরকারি ছুটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি কর্মজীবীরা। এর মধ্যে ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ছুটির এই সমন্বয়ের অংশ হিসেবেই ১৭ অক্টোবর শনিবার ব্যাংকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআই

Link copied!