ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর বিএনপির দারুসসালাম থানা ভারপ্রাপ্ত আহ্বায়ক এসএ সিদ্দিক সাজুকে দলীয় নীতি ও আদর্শ ভঙ্গ এবং সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাজু সাবেক সংসদ সদস্য প্রয়াত এসএ খালেকের ছেলে।
গতকাল শনিবার ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ রয়েছে। সুতরাং কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা উল্লেখ করে উত্তর প্রদান করতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নোটিশটি দলের শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ ঐক্য নিশ্চিত করার অংশ হিসেবে জারি করা হয়েছে। এ ঘটনায় ঢাকার রাজনৈতিক অঙ্গনে সরব হচ্ছে দলের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা।
এসএইচ







































