ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বিল দাখিল ও যাচাই প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের মাঝামাঝি অথবা শেষ দিকে প্রস্তাব পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে শনিবার পর্যন্ত। এরপর জমা পড়া বিলগুলো যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঈদের ছুটির আগে ভেলিডেশন রিপোর্ট না পাওয়ায় বিল জমা কার্যক্রম শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দ্রুত প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহেই প্রস্তাব পাঠানোর চেষ্টা চলছে।
প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে বেতনের বিল জমা দেন। পরে তা যাচাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়।
ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদনের এই প্রক্রিয়া চালু হওয়ায় বেতন-ভাতা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ







































