ফাইল ছবি
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে এনসিপি প্রতিনিধি দল। এনসিপির মিডিয়া উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে গণভোটে জনমত ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।
পিএস






































