ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরের প্রসঙ্গ টেনে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, শামীম ওসমানের বক্তব্যে শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে তিনি ক্যানসারে আক্রান্ত। এ জন্য নেত্রী তাঁকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন।
রাশেদ খান আরও লেখেন, অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরও ছড়িয়েছিল। তাহলে শেষ পর্যন্ত এমন কথাও শোনা যেতে পারে কি না, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে।
আওয়ামী লীগের অন্য পলাতক নেতারাও ভবিষ্যতে শেখ হাসিনা তাঁদের দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করতে পারেন বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি লেখেন, সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে। এতে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে না ফিরলেও ভবিষ্যতে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনাটি অন্তত জিইয়ে রাখা যাবে।
স্ট্যাটাসের শেষাংশে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, শেখ হাসিনা সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে বাংলাদেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চাইলে আওয়ামী লীগ দল হিসেবে সংকটে পড়বে। রাশেদ খানের ভাষ্যমতে, এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।
এসএইচ







































