• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিএনপিকে যে শর্ত দিল জামায়াত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৬, ০৫:৫৬ পিএম
আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিএনপিকে যে শর্ত দিল জামায়াত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে এক শর্তে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে দলটি। সরকার গণভোটের রায় মেনে নিলে তারা এই লড়াইয়ে নামবে বলে জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে তাঁরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখার কথা জানান তিনি।

সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, তাঁকে মন্ত্রিসভায় রাখা যায় কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি। সংসদ সদস্য ও মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগাচ্ছে এবং তাঁদের পালিয়ে বেড়াতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেন তিনি। তবে এখনই সরকারের পদত্যাগ না চেয়ে তিনি বলেন, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক, এটাই তাঁরা চান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হলো গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধী দল মিলে তা পাস করা।

একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়া ব্যক্তিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের জানমালের সুরক্ষা দেওয়ার বদলে ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম খান।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র থাকার পরও তিনি পালিয়ে গেছেন। এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবেন, এটি কেবলই দিবাস্বপ্ন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টির জন্য বিএনপি সরকারকে গণভোটের গণরায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হলেও কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর বাড়িতে কেউ আগুন দেওয়ার সাহস পায়নি। কিন্তু বিএনপি সরকার নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রীদেরও রক্ষা করতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে হলে ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় ঐক্য গড়ার বিকল্প নেই বলে জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ নামক কালসাপ তাদের শান্তিতে দেশ চালাতে দেবে, কিন্তু এখন গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে ছোবল মারতে শুরু করেছে। জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছিল। এ কারণেই আজ বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ দিন আসতে পারে বলে সতর্ক করেন তিনি।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে। কিন্তু বিএনপি সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তলেতলে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক ও ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

এসএইচ 

Link copied!