ছবি: সংগৃহীত
দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে তার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে।
সোমবার (১৫ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে সেলিম উদ্দিন এসব কথা বলেন। সম্প্রতি এক হামলায় আহত হয়ে ওই খতিব হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতালে খতিবের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন জামায়াত নেতা। পরে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে আহত খতিবের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী দেশে শান্তি, সম্প্রীতি ও একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। কোনো ধরনের সহিংসতা বা মাজার ভাঙচুরের সঙ্গে দলের দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
হাসপাতাল থেকে বের হয়ে সেলিম উদ্দিন মিরপুর-১৩ নম্বর এলাকায় যান। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। একই সঙ্গে তিনি ছাত্র-জনতার ওপর চালানো সব গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এসএইচ































-20260725114857.jpg)






