ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি মন্তব্য করেন, সেই হিসেবে জামায়াতের অপরাধের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে লঘুই বলা চলে।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বিরোধী দলের সঙ্গে বর্তমান সরকার যা করছে, তা আওয়ামী লীগও করেনি। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি যে ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে-তা তাহের সাহেবের বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার হয়ে উঠেছে।
তিনি আরও লেখেন, সেপ্টেম্বর-নভেম্বর মাসে লংমার্চের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার পর ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সাথে নিয়েই মাঠে নামবে জামায়াত। তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার রক্তের কোনো মূল্যই জামায়াতের কাছে নেই।
একাত্তরে জামায়াত এরচেয়েও বেশি রক্ত ঝরিয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে কমই বলতে হয়। তা না হলে গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর এমন নির্যাতন করেনি-এই ধরনের মন্তব্য জামায়াত নেতারা করেন কীভাবে?
পোস্টের শেষে তিনি লেখেন, বিগত ১৬ বছর জামায়াত মূলত আওয়ামী লীগের ভেতরেই আত্মগোপনে ছিল, তাই আওয়ামী লীগ কেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে? প্রতিদান হিসেবে আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক প্রমাণ করতে তাহের সাহেবরা মাঠে নতুন নতুন কথা বলছেন, আর পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন নাহিদ ইসলাম।
এসএইচ

























original1787417799-20260822173831.jpg)













